নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় দুইজন, বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, দস্যুতার অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে ১৪ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন—রুপা বেগম (২১) ও মিনা আক্তার (২৮)। অভিযানে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন হলেন—মো. রুবেল, মো. জুবায়ের খন্দকার ও মো. সাদ্দাম।
দস্যুতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. আমিনুল ইসলাম মানিক (২০), ইমন (১৯), আলামিন হোসেন ওরফে সম্রাট (১৯) এবং মো. সাব্বির (২০)কে।
অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন হলেন—শামসুজ্জামান (৫৫), জোবায়ের (২০), আনোয়ার কাজী (৪২), বাবু প্রধানিয়া (২৫), আব্দুল্লাহ (৪০), ইমরান (৩০), টিটু (৪০), মো. ফাহিম ওরফে হিমেল (২০), মাসুম মোল্লা (৩৮), মো. হালিম (৩৫), রায়হান (২৯), নয়ন (২৭), ফারদিন আহাম্মেদ (২৬) ও মাছুম মিয়া (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে থানা এলাকার বিভিন্ন স্থানে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।











