নওগাঁর মহাদেবপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামে নৃগোষ্ঠী আদিবাসী এক কিশোরের মৃত্যু হয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত অনিক পাহান ওই গ্রামের মন্টু পাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের কাউয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল অনিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।











