ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রাক বালিপাড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ত্রিশালের দিকে আসছিল। ঠাকুরবাড়ি মোড় এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই আনুমানিক ৩৬ বছর বয়সী ইকবাল হোসেন মারা যান। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হারারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। একই দুর্ঘটনায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীও নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা হলেন ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফয়জুল ও রুবেলের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি ফেলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার এবং ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, নিহত অজ্ঞাতপরিচয় নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে।











