বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, শহিদুল ইসলাম বিটু মুন্সী, সিকদার ফারুকুজ্জামান ছোট্ট, ফজলে সোবহান শামীম, মনিরুজ্জামান মনি মুন্সী, কুতুবউদ্দিন স্মরণ, আলীয়াজ জামান লাভলু, শহিদুল ইসলাম মিরু মুন্সী, আবু জাফর মুন্সী,মোঃ ওয়াহিদুজ্জামান, আলম মুন্সীসহ ছাত্রদল, যুবদল, কৃষক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মানুষকে সম্মান করতে এবং ভালোবাসতে জানেন। বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।











