নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ পুরিয়া হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন সোনাপুর এলাকার মেম্বার গলি, শাপলা ডিজিটাল স্টুডিওর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. ফারুক হোসেন (৪৪)। তিনি সোনাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাপুর এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় ফারুক হোসেনকে আটক করে তার হেফাজত থেকে সাদা পলিথিনে মোড়ানো গোলাপি রঙের ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।











