সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীর নাম দুলু বেগম (৬০)। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিটে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সফিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল পিরোজপুর এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান চালায়। এ সময় দুলু বেগমকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।











