সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। রাস্তা-ঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে ও ইউনিয়নের বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিয়েছেন। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, ইটের সলিং, গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের উন্নয়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাজ এগিয়ে চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব উদ্যোগেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন তিনি। কোনো এলাকায় জনদুর্ভোগের খবর পেলে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেন বলে দাবি স্থানীয়দের।
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। তাঁর মতে, একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে শিক্ষিত, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই।
হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, “মানসম্মত শিক্ষা ছাড়া একটি সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমাদের সন্তানদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।”
মাদকমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রেও তিনি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। খেলাধুলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষও পান, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”
স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বৈদ্যেরবাজার ইউনিয়ন অদূর ভবিষ্যতে আরও আধুনিক, শিক্ষাবান্ধব, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত হবে।
তাঁদের মতে, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন ইতোমধ্যে ইউনিয়নবাসীর আস্থা অর্জনের পথে এগিয়ে যাচ্ছেন। উন্নয়ন ও জনসেবার এই ধারাবাহিকতায় সোনারগাঁয়ের অন্যান্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যেও তিনি ইতিবাচকভাবে আলোচিত হচ্ছেন বলে মনে করছেন স্থানীয়রা।











