নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ৬৯টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করেছে প্রশাসন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিংড়া পৌরসভার নিংগইন সংলগ্ন চলনবিল এলাকায় যৌথভাবে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য বিভাগ।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন। জলজ সম্পদ ধ্বংসকারী এসব জাল উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ফেলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, চলনবিলে নতুন পানি আসতেই একশ্রেণির অসাধু চক্র দেশীয় ও পোনা মাছ নিধনে সক্রিয় হয়ে উঠেছে। বিলের মাছ ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না এবং এই ধরনের সাঁড়াসি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











