এস এম মিঠু, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আব্দুল বারিক যোগদানের পর মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে পুলিশের তৎপরতা বেড়েছে। নিয়মিত অভিযান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বিশেষ করে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ওসি আব্দুল বারিক। তাঁর নেতৃত্বে পুলিশের তৎপরতায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি। একই সঙ্গে কিশোর গ্যাং, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণেও পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এমন তৎপরতা অব্যাহত রাখার প্রত্যাশা তাদের।
ওসি আব্দুল বারিক বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সোনারগাঁবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকলে সোনারগাঁয়ে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আরও ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।











