এস এম মিঠু, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হামলা ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন দৈনিক দি নিউ নেশন-এর সোনারগাঁ প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ অভিযোগ করেন, গত ২৯ আগস্ট আল মদিনা শপিং মলের মালিক মাজহারুল ইসলাম একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি মামুন শিকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। ওই সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানে দেওয়া বক্তব্যের ভিত্তিতে পরবর্তীতে সংবাদ প্রকাশ করা হয়।
সাংবাদিক সিরাজের দাবি, সংবাদটি প্রকাশের পরদিন মামুন শিকদার তাকে ফোন করে সংবাদ প্রকাশের কারণ জানতে চান এবং এ সময় তাকে হামলা ও মামলার হুমকি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম সিরাজ আরো বলেন, এর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সংবাদ প্রকাশের বিষয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে সোনারগাঁ থানায় বিষয়টি অবহিত করেছেন এবং মামুন শিকদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
একজন সাংবাদিকের দায়িত্ব হলো জনগণের সামনে সত্য ও তথ্যভিত্তিক সংবাদ তুলে ধরা। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলা, মামলা বা ভয়ভীতি দেখানো হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।
এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি গ্যাস অবৈধভাবে বিক্রির অভিযোগে রাষ্ট্রীয়ভাবে মামলা হয়েছে বলেও দাবি করেন। পাশাপাশি রেস্টুরেন্ট, বেকারি ও মিষ্টি তৈরির কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানান।
এ বিষয় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজের পক্ষ থেকে হুমকির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।











