নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শাড়ির নকশায় বৈচিত্র্য ও রঙের সঠিক বিন্যাস নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) তারাবো পৌরসভার দক্ষিণ রূপসী গ্রামের মিয়া মেম্বারের বাড়িতে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ এবং স্থানীয় তাঁতি ও জামদানি উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় মূল আলোচক ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা।
কর্মশালায় বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাইফুর রহমান, ফাইজা আহমেদ, মো. সজিব এবং সদস্য মো. রাসেল উপস্থিত ছিলেন।
কর্মশালায় রূপগঞ্জের ৬৫ জন জামদানি কারুশিল্পী অংশ নেন। এ সময় জামদানি শাড়ির নকশায় নতুনত্ব, নকশার বৈচিত্র্য এবং রঙের সমন্বয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী জামদানি কারুশিল্পীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পরে আলোচক চন্দ্রশেখর সাহা অংশগ্রহণকারী কারুশিল্পীদের শপথবাক্য পাঠ করান।











