ইরান থেকে তেল ও তেলজাত পণ্য আমদানির অভিযোগে ভারতের কয়েকটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রশাসন গত ২৪ আগস্ট ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকনমিক আউটকাস্ট’ কর্মসূচির ঘোষণা দেয়। এর আওতায় বিভিন্ন দেশকে ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে আনার আহ্বান জানানো হয়। এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কাস্টমস ব্রোকার প্রোটিস পার্টনার এলএলবি, সদাশিব ওভারসিজ, পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং ইনফ্রা ইমপেক্স প্রাইভেট লিমিটেড। এর পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইদ্রিসমিয়া আসরাফমিয়া শেখ ও হরিশ রামচন্দ্র রঙ্গি প্রোটিস পার্টনারের সঙ্গে সংশ্লিষ্ট। পিপি সফটটেকের পরিচালক প্রশান্ত গর্গও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। রঙ্গি, শেখ ও গর্গ ভারতীয় নাগরিক বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, সদাশিব ওভারসিজ ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি করেছে। অন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আরও প্রায় ২ কোটি ৫০ লাখ ডলারের তেলজাত পণ্য আমদানির তথ্যও উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের তেল বাণিজ্য ও সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রমের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে।











