নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষড়িয়ার চর এলাকায় ব্রিজ নির্মাণকাজ চলমান থাকায় ঢাকামুখী সড়কে যানবাহন চলাচল করছে এক লেন দিয়ে। এতে মহাসড়কের গুরুত্বপূর্ণ এ অংশে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এভাবে যান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, কাচপুর হাইওয়ে থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের আশাড়িয়ার চর এলাকায় ব্রিজের নির্মাণকাজ চলছে। কাজের সুবিধার্থে ওই স্থানে বর্তমানে একটি লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করছে। ফলে যানবাহনের চাপ বাড়ায় ওই এলাকায় ধীরগতির সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশ জানিয়েছে, নির্মাণকাজ শেষ করার পাশাপাশি নতুন নির্মিত অংশ শুকানোর জন্য আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এক লেন দিয়ে যানবাহন চলাচল করবে।
এ সময় মহাসড়কের ওই অংশে যানবাহনের ধীরগতি ও সাময়িক ভোগান্তি বাড়তে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে নজরদারি জোরদার করেছেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
হাইওয়ে পুলিশ যাত্রী ও চালকদের সতর্কতার সঙ্গে চলাচল এবং সম্ভাব্য বিলম্বের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার আহ্বান জানিয়েছে।











