মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নুরপুর গ্রামে বিষধর সাপের কামড়ে বিলকিছ আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বিলকিছ আক্তার নুরপুর গ্রামের বেবী মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। তার স্বামী বর্তমানে প্রবাসে রয়েছেন।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বিলকিছ। মধ্যরাতে একটি বিষধর সাপ তার কানে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার করে সাপটিকে হাত দিয়ে ছুড়ে মারেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ায় রেফার্ড করেন। পরে কুষ্টিয়ায় নেওয়ার পথে বিলকিছ আক্তারের মৃত্যু হয়।
এ ঘটনায় নুরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।











