ময়মনসিংহের ত্রিশালে পুকুরের পানিতে ডুবে মাশরাফি (৫) ও ফারহান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাশরাফি ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে এবং ফারহান তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে দুই শিশু বাড়ির পাশের পুকুরের কাছে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্থানীয়রা দ্রুত তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাইয়ুম দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে সতেরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শিশু দুটির মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।











