গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ আলী ও তাঁর পরিবারের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের পর স্থানীয় প্রতিবাদী জনতার ব্যানারে উপজেলার খামার দশলিয়া আলীম মাদ্রাসা সংলগ্ন নলডাঙ্গা কাচারী বাজার-হাতিয়া চৌরাস্তা পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে ইউপি সদস্য আব্দুল শেখ, বাবু, শহিদুল ইসলাম ও সাগরসহ বক্তারা বলেন, প্রতিপক্ষ রেশমা বেগমের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকলেও কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। হয়রানি করতেই সাজানো মামলা করা হয়েছে বলে তারা দাবি করেন।
ভুক্তভোগী পরিবার জানায়, সীমানা ঘেঁষে পাকা ঘর নির্মাণে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ২৭ জুলাই সাদুল্লাপুর থানায় পাঁচজনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন প্রতিবেশী রেশমা বেগম।
ভুক্তভোগীর দুই ছেলে আব্দুল মজিদ ও আব্দুল রউফ অভিযোগ করেন, পুলিশ কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই বাদীর প্রভাবে প্রভাবিত হয়ে মামলা রুজু করেছে। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে বৃদ্ধ মোহাম্মদ আলী ১৭ দিন এবং অপর আসামি শহিদুল ইসলাম ১৪ দিন জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পান।
মানববন্ধনে ভুক্তভোগীরা নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন।
সাদুল্লাপুর থানার এসআই আবু তালেব বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে। গুরুত্ব সহকারে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
বক্তারা অনতিবিলম্বে কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।











