নিজস্ব প্রতিবেদক: ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে মাদকবিরোধী র্যালি, সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে টাউন হল প্রাঙ্গণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এছাড়া অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজেও এর নেতিবাচক প্রভাব পড়ে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বক্তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। তারা মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।











