নিজস্ব প্রতিবেদক: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের সম্প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্যান্সার গবেষক ও গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার। ২০ আগস্ট ২০২৬ রাজধানীর ৫৬/১ বায়তুল ভিউ টাওয়ারের ১০তলায় গণস্বাস্থ্য হোমিওর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ডা. এস এম সরওয়ার দাবি করেন, ১৪ আগস্ট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের ৩০৯তম পর্বে এবং ১৯ আগস্ট পূর্বের প্রতিবেদনের ভিডিও ফুটেজ ও কারণ দর্শানোর নোটিশ ব্যবহার করে তার ও তার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট চিকিৎসকদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সম্প্রচার করা হয়েছে। তিনি এসব প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডা. সরওয়ার বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল বোর্ডের একটি কারণ দর্শানোর নোটিশ তিনি প্রথমে তালাশ টিমের সংবাদ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেখতে পান। পরে ২০ আগস্ট বিকেলে হবিগঞ্জে তিনি নোটিশটির কপি হাতে পান বলে দাবি করেন। তার প্রশ্ন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছানোর আগেই নোটিশটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল। তিনি বিষয়টি তদন্তের দাবি জানান।
তিনি আরও বলেন, ১৯ আগস্ট সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোর প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল বোর্ডের কারণ দর্শানোর নোটিশের জবাব যথাসময়ে আইনগতভাবে দেওয়া হবে বলেও জানান তিনি।
ডা. সরওয়ারের অভিযোগ, ১১ আগস্ট জাতীয় প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলনের পর তার বিরুদ্ধে তালাশ টিমসহ কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেন, তার কাছে অর্থ দাবি করা হয়েছিল এবং তা না দেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কোনো ব্যক্তিকে প্রতারক, ভণ্ড বা দুর্নীতিবাজ হিসেবে অভিহিত করার আগে অভিযোগের সত্যতা ও আইনগত অবস্থান যাচাই করা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, প্রমাণ ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ প্রচার করা মানহানিকর হতে পারে।
তিনি আরও দাবি করেন, তালাশ টিমের ১৪ আগস্টের প্রতিবেদনে তাকে এবং তার প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন চিকিৎসককে জড়িয়ে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে। এ প্রতিবেদনের কারণে তার ও প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্যের ব্যবস্থাপনা পরিচালক মিঠুন চৌধুরীও বক্তব্য দেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও তালাশ টিমের মালিকানা এবং তাদের অতীত কার্যক্রম নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। তার বক্তব্যেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়, যেগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ডা. এস এম সরওয়ার বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে তার বক্তব্য ও নথিপত্র উপস্থাপন করবেন। একই সঙ্গে তিনি বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।











