সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান যে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে ধাপের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।
তিনি স্পষ্ট করেন যে, নির্বাচন হবে উপজেলাভিত্তিক। অর্থাৎ, একটি উপজেলার অধীন সব ইউনিয়নে একই দিনে ভোটগ্রহণ করা হবে। একই উপজেলার ইউনিয়নগুলোকে আলাদা ধাপে ভাগ করলে ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হতে পারে, তাই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
তফসিল ঘোষণার বিষয়ে সচিব জানান, এটি পুরোপুরি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং সুনির্দিষ্ট কোনো সময় তিনি জানাতে পারেননি।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের নতুন বিধিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান ইসি সচিব। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার না রাখার প্রস্তাব। অন্যান্য পরিবর্তনগুলো পর্যালোচনা করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। ইউপি নির্বাচনের মাধ্যমেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।











