এস এম মিঠু, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় দুইজন, আদালতের পরোয়ানাভুক্ত দুইজন এবং চুরি মামলায় এক নারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন—মোহাম্মদ আলী (৪৬)। তিনি শরীয়তপুরের জাজিরা থানার মানিকনগর এলাকার মৃত জামির আলী সিকদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় কবির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরজন মো. সুমন (৪৩), তিনি সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকার আলী নুরের ছেলে।
এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মো. আলী আজগর ও ইলিয়াছ মিয়াকে। আলী আজগর সোনারগাঁ উপজেলার ইসলামপুর (আদর্শ গ্রাম) এলাকার মো. রজ্জব আলীর ছেলে। ইলিয়াছ মিয়া একই উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাবাসা এলাকার মোজহর আলীর ছেলে।
অন্যদিকে চুরি মামলায় সোনিয়া আক্তার জান্নাত (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকার বাসিন্দা। তাঁর স্বামী হৃদয় এবং পিতা দোলন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ বলছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











