গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইয়াবাসেবী এক যুবকের অস্বাভাবিক আচরণ ও পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। মাদক কেনার টাকা না পেয়ে নিজ জন্মদাতা বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে মো. শাকিল মিয়া (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া (পূর্বপাড়া) গ্রামে। অভিযুক্ত শাকিল ওই গ্রামের খাজা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা যায়, শাকিল একসময় এলাকার একজন নম্র-ভদ্র ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিল।
তবে সম্প্রতি বখাটে ও সঙ্গদোষে পড়ে সে মারাত্মকভাবে ইয়াবা আসক্ত হয়ে পড়ে।
মাদকের টাকা জোগাড় করতে সে প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করত।
সর্বশেষ গত ২ সেপ্টেম্বর (সোমবার) রাত আনুমানিক ১১টার দিকে শাকিল তার বাবা-মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করে। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সে নিজের বাবা-মাকে বেধড়ক মারধর শুরু করে। এই ন্যাক্কারজনক ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে শাকিলের অনিয়ন্ত্রিত ও হিংস্র আচরণ বন্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামের সচেতন মানুষ তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।
স্থানীয় অধিবাসীদের দাবি, ঘটনাটির পর বিষয়টি দ্রুত প্রশাসনকে জানানো হলেও সেখান থেকে তাৎক্ষণিক কোনো সহায়তামূলক পদক্ষেপ বা প্রতিনিধি পাঠানো হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত ও আশেপাশের এলাকা থেকে মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় সমাজ ও পরিবারে নানা ধরনের অপরাধমূলক ও সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়ছে। সময়মতো মাদকের এই নীলদংশন রোধ করা না গেলে ভবিষ্যতের যুবসমাজ চরম হুমকির মুখে পড়বে।
এ অবস্থায় মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মাদকমুক্ত এলাকা গঠনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন এলাকাবাসী।











