বাংলাদেশি রোগীদের জন্য মালয়েশিয়ায় চিকিৎসাসেবা আরও সহজ ও ভোগান্তিমুক্ত করার লক্ষ্যে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে বৈঠক করেছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এমএইচটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দাতো সুরিয়াগান্ধী সুপ্পিয়াহর নেতৃত্বাধীন প্রতিনিধিদল এবং বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া দুই দেশের বাণিজ্য ও উন্নয়নসংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
আলোচনায় বাংলাদেশি রোগীদের ভিসা প্রাপ্তি, ভ্রমণ, হাসপাতালে ভর্তি, চিকিৎসা ও পরবর্তী ফলো-আপ প্রক্রিয়া আরও নির্বিঘ্ন করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি টেলিমেডিসিনের মাধ্যমে সেবা অব্যাহত রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, চিকিৎসা পর্যটন খাতের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি। এর আগে বাংলাদেশে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএইচটিসির বৈঠকের ধারাবাহিকতায় কুয়ালালামপুরের এই বৈঠক অনুষ্ঠিত হলো। খুব শীঘ্রই ঢাকায় আবারও ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক’ আয়োজনের প্রস্তুতি চলছে।











