এস এম মিঠু, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মোগরাপাড়া ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন।
তিনি বলেন, “মোগরাপাড়া ইউনিয়নের মাটিতে মাদক ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।”
একটি ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের নিরাপত্তা, শান্তি ও স্বস্তিও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “আমি রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির মাধ্যম হিসেবে দেখতে চাই না। জনগণের সেবা এবং এলাকার উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য। মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই।”
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমি আপসহীন। জনগণকে সঙ্গে নিয়ে আইনসম্মতভাবে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। চেয়ারম্যান নির্বাচিত হলে মোগরাপাড়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বশক্তি দিয়ে কাজ করব।”
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের ভাষ্য, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, আলেম-ওলামা, অভিভাবক ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় মোগরাপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।











