নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আসাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাকা রাস্তার ওপর থেকে ফাহিমা খানমকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের চান্দখলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত সোহাগ খান এবং স্বামীর নাম জুনায়েদ মিয়া বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে থানা পুলিশের এমন অপরাধবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











