নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাজা শেখ ওরফে রাজু (২৩)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষের চর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) চন্দন দে’র নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রাজা শেখ ওরফে রাজুকে আটক করে তার হেফাজত থেকে ২ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে থানা পুলিশের এমন অপরাধবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











