নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন লাধুরচর এলাকার লাধুরচর টিটি বাড়ি স্ট্যান্ডে একটি সবজির দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—লাধুরচর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. অহিদুল্লাহ (৫০) এবং চেঙ্গাইন-কাঁচপুর এলাকার মো. আলীর ছেলে মো. জনি (১৯)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. হারুন মিয়ার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে থানা পুলিশের এমন অপরাধবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











