নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে সারের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীর কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অনিয়মের দায়ে চার ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি দুই ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আন্জুমের নেতৃত্বে বড়গ্রাম বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কৃষকদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই অতর্কিত অভিযান চালানো হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
অভিযানকালে ব্যবসায়ীদের গুদাম ও দোকানে মজুত করা সারের কাগজপত্র, রশিদ এবং বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে যাচাই করা হয়। এ সময় নিয়মবহির্ভূতভাবে সার মজুত এবং সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী অভিযানে স্থানীয় সাধারণ কৃষকদের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, অসাধু চক্র প্রায়ই কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির পাঁয়তারা করে। এর ফলে ভরা চাষাবাদের মৌসুমে কৃষকদের চরম আর্থিক সংকটের মুখে পড়তে হয় এবং অতিরিক্ত অর্থ গুনতে হয়।
প্রশাসন কঠোর বার্তা দিয়ে জানিয়েছে যে, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের যেকোনো ধরনের কৃত্রিম সংকট ও কালোবাজারি চিরতরে বন্ধ করতে এবং প্রতিটি ডিলার ও খুচরা বিক্রেতার দোকানে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, কৃষিপ্রধান এই অঞ্চলে সারের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারি এবং কঠোর আইন প্রয়োগ অত্যন্ত জরুরি। নিয়মিত তদারকি থাকলে অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে সার বিক্রির প্রবণতা অনেকটাই কমে আসবে এবং কৃষকরা তাদের ন্যায্য অধিকার ও মূল্যে সার সংগ্রহ করতে পারবেন।











