গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তারে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মাদকসেবীদের আখড়া বন্ধ এবং চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে গত ৪ সেপ্টেম্বর ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে মানববন্ধনের পরও দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ না থাকায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
উক্ত মানববন্ধনে এলাকার যুবসমাজ, শিক্ষক, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
এতে বক্তব্য দেন পবনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইফুল ইসলাম, ফকিরহাট মদিনাতুল কওমি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম, ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইমাম মুনজরুল ইসলাম, শফিকুল ইসলাম লিখন এবং সমাজসেবক এস এম বিপ্লব ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মানববন্ধনে হরিনাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রানাও উপস্থিত ছিলেন। এলাকায় মাদকের অবাধ বিস্তারে সামাজিক ও পারিবারিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। যুবসমাজকে ধ্বংশের হাত থেকে রক্ষা করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
মাদকের নির্দিষ্ট আখড়াগুলো চিহ্নিত করে অবিলম্বে তা গুঁড়িয়ে দেওয়া এবং মূল কারবারিদের আইনগত আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। হয়রানিমুক্ত নিরপেক্ষ অভিযান: অপরাধীদের দমনে পুলিশি অভিযান চালাতে গিয়ে যেন কোনো নিরীহ ও সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে।











