এই জয়ে টুর্নামেন্টের ১০ দলের মধ্যে সেরা ছয়ে অবস্থান পাকা করল বাংলাদেশ। পাশাপাশি, গ্রুপের শেষ ম্যাচ খেলার আগেই শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় দলের মনোবল আরও চাঙা হয়েছে।
কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের বয়স তখন মাত্র তিন মিনিট, পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন শারিকা রিমন।
এরপর ১৪ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। ফলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণাত্মক ধার বজায় রাখে দল। ৪৬ মিনিটে ফিল্ড গোল করে স্কোরলাইন ৩-০ করেন জাকিয়া আফরোজ লিমা। এর কিছুক্ষণ পর, ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যক্তিগত দ্বিতীয় ও দলের চতুর্থ গোল আদায় করে নেন অধিনায়ক শারিকা রিমন।
মজবুত রক্ষণ এবং গোছানো আক্রমণের সুবাদে পুরো ম্যাচে প্রতিপক্ষ কাজাখস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।
এর আগে চাইনিজ তাইপে ও পাকিস্তানকে পরাজিত করেছিল বাংলাদেশ। কাজাখস্তানের বিরুদ্ধে এই জয় টুর্নামেন্টে তাদের টানা তৃতীয় সাফল্য।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।











