নওগাঁর পত্নীতলায় এক মাসব্যাপী বাণিজ্যমেলায় লটারির নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ও উধাও হওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী সিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের বিরুদ্ধে। পুরস্কার না দিয়েই পালিয়েছেন আয়োজকরা। এ ঘটনায় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টায় সমাপনী অনুষ্ঠানে ড্র অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টিকিট বিক্রির টাকা নিয়ে সটকে পড়েন আয়োজকরা। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ জনতা মূল মঞ্চে ভাঙচুর চালায়।
পরে মেলার কয়েকটি দোকান ও স্টলেও ভাঙচুর চালিয়ে লুটপাত করা হয় প্রায় অর্ধকোটি টাকার মালামাল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ছিল মেলার শেষ দিন। সমাপনী অনুষ্ঠান ও লটারির ড্র দেখতে সন্ধ্যার পর থেকেই মেলা প্রাঙ্গণে হাজারও মানুষ জড়ো হন। ঘোষণা অনুযায়ী রাত ১১টায় লটারির ড্র হওয়ার কথা ছিল।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ড্র শুরু হয়নি। ওইসময় উপস্থিত লোকজন পুরস্কারের মোটরসাইকেল দুটি কোথায় তা নিয়ে প্রশ্ন তোলেন। ড্র শুরুর আগে পুরস্কারের মোটরসাইকেল দুটি সবার সামনে মঞ্চে রাখার কথা ছিল।
মোটরসাইকেল মঞ্চে না থাকায় ড্র নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছিল। এভাবে মেলায় জড়ো হওয়া লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময়েও মেলা পরিচালনার সঙ্গে যুক্ত কোনো দায়িত্বশীল ব্যক্তিকে মঞ্চে পাওয়া যাচ্ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
রাত ১টার দিকে বিক্ষুব্ধ লোকজন মেলার মূল মঞ্চে ভাঙচুর চালান। পরে মেলার বিভিন্ন দোকান ও স্টলেও হামলা চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার লুটপাট করা হয়।
ঘটনার পর মেলা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেকেই দ্রুত মেলা প্রাঙ্গণ ছেড়ে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মেলা প্রাঙ্গণে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।











