সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
যৌথভাবে পরিচালিত এ অভিযানে মোগরাপাড়া চৌরাস্তার ফলপট্টি, কাঁচাবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সরকারি জায়গা ও সড়কের আশপাশ দখল করে এসব দোকানপাট গড়ে ওঠায় সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে মোগরাপাড়া চৌরাস্তার ফলপট্টি ও কাঁচাবাজার এলাকায় অবৈধ স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে যানজটসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল বলে স্থানীয়রা জানান।
প্রশাসনের অভিযানে একের পর এক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এতে দীর্ঘদিনের দখল থেকে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা অনেকটাই উন্মুক্ত হয়েছে।
স্থানীয়দের মতে, অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের এ অভিযান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে উচ্ছেদ করা জায়গায় যাতে পুনরায় অবৈধ দোকানপাট বা স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।











