নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ এবং বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিয়াশ বাজার ও বিয়াশ চারমাথা মোড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
অভিযান সূত্রে জানা যায়, বিয়াশ বাজারের ব্যবসায়ী মো. রাসেলকে অবৈধভাবে সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই আইনে তাকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, বিয়াশ চারমাথা মোড়ের ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমানকে অনুমোদনহীনভাবে সার ও বালাইনাশক মজুদ ও বিক্রির অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং নির্ধারিত মূল্যে মানসম্মত সার ও বালাইনাশক সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। অবৈধ মজুদ, কৃত্রিম সংকট কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সঙ্গে ব্যবসায়ীদের সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা এবং কৃষকদের হয়রানি না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।











