ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন সাবেক স্থান চান্দ্রায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চান্দ্রা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চান্দ্রা ইউনিয়ন পরিষদের পুরোনো ভবনটি চান্দ্রা বাজার এলাকাতেই ছিল। নদীভাঙনের কারণে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ ভবনটি সাময়িকভাবে মালিগ্রাম বাজার এলাকায় স্থানান্তর করা হয়েছিল।
সম্প্রতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের জন্য নতুন ভবন নির্মাণের সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। তাই জনসাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন ভবনটি ইউনিয়নের সাবেক ও ঐতিহ্যবাহী স্থান চান্দ্রা বাজার এলাকাতেই নির্মাণ করতে হবে।
বক্তারা আরও জোরালো দাবি জানিয়ে বলেন, চান্দ্রা বাজার ইউনিয়নবাসীর যাতায়াতের কেন্দ্রবিন্দু। এখানে পরিষদ ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের সব ওয়ার্ডের সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করা সম্ভব হবে। অন্য কোথাও এই ভবন নির্মাণ করা হলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত আয়োজনে এবং প্রবাসী লিটন ব্যাপারীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মাদ্রাসার সুপার শহিদ চৌধুরী, হাদিউজ্জামান খান রাজু, রুপাই মাতুব্বর, মেহেদী হাসান লালচান, দেলোয়ার হোসেন, রুমা আক্তার, নির্মল চন্দ্র দাস, সুমন মোল্লা, সায়েম মাতুব্বর, মনির মাতুব্বর ও আনোয়ার মাতুব্বরসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শান্তিপূর্ণ মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী চান্দ্রা বাজারের বিভিন্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তারা তাদের নায্য দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।











