নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওয়াসিকার মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আব্দুল হালিম মোল্লার ছেলে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ওয়াসিকার মোল্লা দীর্ঘদিন ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখালের কাজ করতেন। কিশোরী বাজারে যাতায়াতের সময় তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। সর্বশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) তাকে খামারের রাখালঘরে নিয়ে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাদি বলেন, তিনি দরিদ্র। অসুস্থ স্বামী, মা-হারা নাতনি ও পরিবারের দায়িত্ব সামলাতে তিনি মানুষের বাড়িতে কাজ করেন। অভিযুক্ত ব্যক্তি প্রায় ছয় বছর ধরে ওই এলাকায় গরুর খামারে রাখালের কাজ করলেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠবে, তা তিনি কখনো ভাবেননি।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ওয়াসিকার মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিচয় প্রকাশ করা হয়নি।











