নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় তিনজন, ওয়ারেন্টভুক্ত চারজন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজন, নিয়মিত মামলায় দুজন এবং মাদকসেবনের অভিযোগে ১৪ জন রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় মো. নাইম, রুমা আক্তার ও সুরবানুকে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত চারজন এবং নিয়মিত মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মো. মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকসেবনের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











