‘সঠিক শিক্ষার আলোয়—আলোকিত করার প্রত্যয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁও ইউনিভার্সাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হলে বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁও ইউনিভার্সাল স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইংরেজি বিভাগের প্রধান ও একাডেমিক কাউন্সিলের সদস্য মো. রাব্বানী মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সাল স্কুলের প্রধান শিক্ষক রবউল মিয়াজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ফিরোজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. দেলোয়ার হোসেন, রাইজদিয়া হুমায়ুন কবির, সোনারগাঁও ঈশাখাঁ প্রেস ক্লাবের সভাপতি ভিপি পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন ও আবুল বাদশাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তবে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
তারা আরও বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।











