মেহেরপুরের গাংনী পৌরসভা এলাকার বাজারপাড়ায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ মোঃ সাইদ হোসেন সাদ্দাম (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত সাইদ হোসেন সাদ্দাম মেহেরপুর জেলার গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকার বাজার পাড়ার মোঃ শফিকুল ইসলাম বাবুর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সিপিসি-৩ আভিযানিক দল গাংনী পৌরসভার বাজারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৮ পিস ইয়াবাসহ সাদ্দামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।











