সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের প্রতাবের চর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা হাজী ইকবাল হোসেন, সাহাবুদ্দীন প্রধান, আবুল হোসেন, নজরুল ইসলাম, ইয়াকুব, দুলাল, সুমন আহমেদ, মিন্টু, শহিদুল ইসলাম, মাহসিন ও মুঞ্জুরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান মাসুম রানা। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাসুম রানার পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। একই সঙ্গে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন তারা।
নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।











