সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়নে আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে কালা দরগাহ বাইতুল নূর জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি।
এ সময় মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হাজী আশরাফ উদ্দিন। তিনি তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এলাকার মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করতে চাই না। জনগণের সেবা, এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। সততা ও জবাবদিহিতার মাধ্যমে মোগরাপাড়া ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, “পুরোনো ধারার রাজনীতির পরিবর্তন প্রয়োজন। মোগরাপাড়ার মানুষ পরিবর্তন ও উন্নয়ন চায়। তাঁদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা নিয়ে নতুনভাবে কাজ করতে চাই। জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করব।”
আশরাফ উদ্দিন আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ জনসাধারণের প্রয়োজনীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। দল-মত নির্বিশেষে মোগরাপাড়ার প্রতিটি মানুষের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের সঙ্গে তাঁর এ মতবিনিময়কে ঘিরে মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন নিয়ে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।











