মেহেরপুর প্রতিনিধি:
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে মেহেরপুর সদর উপজেলার ৮৮ জন প্রকৃত কৃষকের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করেছে মেহেরপুর জেলা পরিষদ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান সহকারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ. এম. সালাউদ্দীন মনজু।
এ সময় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ এবং সদর থানা যুবদলের সভাপতি লিয়াকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ পরিচালনায় কৃষি যন্ত্রপাতির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষিকাজকে আরও সহজ ও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে সদর উপজেলার ৮৮ জন প্রকৃত কৃষকের হাতে একটি করে কীটনাশক স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কৃষকদের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।











