মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়ন জামায়াতের নিজস্ব কার্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর এমন প্রকাশ্য সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পিরোজপুর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মোহাম্মদ মিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অন্যতম দায়িত্বশীল নেতা মাওলানা মোহাম্মদ তাজ উদ্দিন খান। অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন ইউনিয়নের সহকারী সেক্রেটারি মোহা. মাসুদ রানা।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জমিরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হোসেন এবং সাবেক ইউনিয়ন আমির বদরুজ্জামান। বক্তারা বিগত দিনে সংগঠনের নানা ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ তাজ উদ্দিন খান সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "দেশের এই ক্রান্তিলগ্নে জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সমাজ সংস্কার ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" একই সাথে তিনি সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনে পিরোজপুর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।











