সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান।
এক শ্রদ্ধা বার্তায় আতাউর রহমান বলেন, "প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের একজন আপসহীন নেত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।"
তিনি বলেন, "খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে পরিপূর্ণ। তাঁর আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।"
আতাউর রহমান আরও বলেন, পিরোজপুর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য। প্রয়াত নেত্রীর আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে মানুষের সেবা ও এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি তাঁর পরিবার, স্বজন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।











