বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিস (এসজেপি)-এর উদ্যোগে ‘জুলাই বিপ্লব ও বিচার বিভাগ: আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও এসজেপির সেক্রেটারি মো. আসাদ উদ্দিনের সঞ্চালনায় এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও এসজেপির চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন। কী-নোট উপস্থাপন করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, ব্যারিস্টার তাসমিয়া প্রধান, এমপি, ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. হাসিনুর রহমান, বীর প্রতীক।
এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট আজিম উদ্দীন পাটোয়ারী, সাবেক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মীর একেএম নুরুন্নবী উজ্জ্বল, ব্যারিস্টার মুহা. তরিকুল ইসলাম, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম রেজা, অ্যাডভোকেট মো. শাকিল উদ্দীনসহ আরও অনেকে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এম এ মতিন বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। জুলাই শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। বিচার বিভাগকে আরও গতিশীল করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। প্রয়োজনে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে অ্যাডহক বিচারপতি নিয়োগেরও আহ্বান জানান।
কী-নোট স্পিকার ও অন্যান্য বক্তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, বিচারক নিয়োগ, বিচারকদের পারিশ্রমিক বৃদ্ধি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।











