মনিরুজ্জামান খান, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজের পোষা বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (২৮) নামে এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে।
পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি সাপ পালন করতেন। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে পাতা খেলা উপলক্ষে সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া গ্রামের আজাদুল ইসলাম ঘুটু একটি নতুন সাপ ধরে সেটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় বিষধর সাপটি তাকে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে হাসপাতালে না নিয়ে বিষ নামানোর উদ্দেশ্যে রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় এক ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত আজাদুল ইসলাম ঘুটু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব প্রধান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের কামড়েই আজাদুল ইসলামের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পাতা খেলার সময় কলাগাছে সাপ পেঁচিয়ে প্রদর্শন করতেন তিনি। বুধবারের খেলায় বড় আকারের একটি সাপ প্রদর্শনের পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যে নতুন ধরা সাপকে প্রশিক্ষণ দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।











