গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।
রোববার (২ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় সরকারি অ্যান্টি-রেবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীদের সরবরাহ না করে বাইরে থেকে কিনতে বাধ্য করার অভিযোগ উঠে। বিষয়টি জানতে পেরে মন্ত্রী সংশ্লিষ্ট দুইজনের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
পরিদর্শনের সময় কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি রোগীর কাছে জানতে চান, জলাতঙ্কের ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। জবাবে রোগী জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পাওয়ায় তিনি ১ হাজার ৩০ টাকা ব্যয়ে বাইরে থেকে কিনে এনেছেন।
পরে মন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, সরকারি অ্যান্টি-রেবিস ভ্যাকসিন হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও কেন রোগীদের দেওয়া হয়নি। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
রোগীর স্বজনরা জানান, সকালে কুকুরের কামড়ে আহত এক নারীকে হাসপাতালে আনা হলে কর্তৃপক্ষ জানায় ভ্যাকসিন নেই এবং বাইরে থেকে কিনে আনতে হবে। পরে তারা বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করেন। ঠিক সেই সময় হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি জানতে পারেন স্বাস্থ্যমন্ত্রী।
ঘটনার পর হাসপাতালের সেবার মান ও সরকারি ওষুধ বিতরণে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।











