মো: মনিরুজ্জামান খান, গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় আলোচিত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জিয়ারতকালে গভীর শোকে তিনি কান্নায় ভেঙে পড়েন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সাঘাটার বোনারপাড়া সরকারি কবরস্থানে পৌঁছে তিনি নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর পিতা হাবিবুর রহমান এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের পিতা শামসুল হুদা দুদুকে আবেগে জড়িয়ে ধরেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
এরপর তিনি কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতের মাধ্যমে কবর জিয়ারত সম্পন্ন করেন। জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান নিহত দুই পরিবারের বাসায় যান এবং স্বজনদের খোঁজখবর নিয়ে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরে তিনি সাঘাটার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার প্রতিবাদ’ শীর্ষক জনসভায় যোগ দেন।
কবর জিয়ারত ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।











