সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্রা নূর এ জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মসজিদের উন্নয়নমূলক কাজে সহায়তার জন্য তিনি ১০ টন ক্ষমতাসম্পন্ন দুটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) অনুদান দেওয়ার ঘোষণা দেন।
মতবিনিময়কালে হাজী আশরাফ উদ্দিন বলেন, ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান তিনি। পুরোনো ধারার রাজনীতির পরিবর্তন এনে জনগণের ভালোবাসা ও সহযোগিতায় একটি উন্নত মোগরাপাড়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, মসজিদের উন্নয়ন এবং এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে যারা নিরলসভাবে কাজ করছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। এলাকাবাসীর ঐক্য ও ত্যাগের কারণেই এলাকায় শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে মোগরাপাড়া ইউনিয়নে মাদকবিরোধী অবস্থান জোরদার করা হবে এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে কাজ করবেন।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও দোয়া নিয়ে মোগরাপাড়া ইউনিয়নকে উন্নয়ন, সেবা ও সমৃদ্ধির প্রতীকে পরিণত করতে চান তিনি। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সফলতা প্রার্থনা করেন।











