মঙ্গলবার বেলা প্রায় সোয়া ১১টায় তিনি প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছান এবং দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেন।
বঙ্গভবনের প্রধান ফটক-২–এ পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ফুল দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
এরপর হাফিজ উদ্দিন আহমদ তাঁর কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন দাপ্তরিক বিষয় সম্পর্কে তাঁকে বিস্তারিতভাবে অবহিত করেন।











