নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত দুইজন, নিয়মিত মামলায় দুইজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন, বৈষম্যবিরোধী মামলায় তিনজন এবং মাদকসেবী সাতজনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাত মাদকসেবী হলেন—আপন খান (২১), মো. ইমরান (২২), খোরশেদ (৩০), মো. আকবর (৩৯), মো. আফাজ উদ্দিন (৪০), জসিম সরকার (৫৫) ও মো. তাজুল ইসলাম (২৫)।
নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে মো. শাহ আলম (৪০) ও রকিবুল হাসান ইমন (২৬)কে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. মাসুম (৩৮) ও ইসলামাইল রহমান রাতিন (৩০)। পুলিশের তথ্য অনুযায়ী, মাসুম মোগড়াপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ কর্মী এবং রাতিন সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী (২৮), মনির হোসেন (৪০) ও আব্দুর রহমান অমি (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, তাদের মধ্যে রব্বি সীমান্ত গাজী পিরোজপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মনির হোসেন পিরোজপুর ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য এবং আব্দুর রহমান অমি সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. উজ্জল মিয়া ও মো. আঃ ছালাম ওরফে সেন্টু মিয়া (৫৫)কে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











