সিংড়া (নাটোর) প্রতিনিধি: মোঃরাশিদুল ইসলাম
নাটোরের সিংড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মো. জিসান (২১) নামে এক যুবক সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৬ সকাল ৮টার দিকে জিসান নিজ বাড়ি থেকে নৌকাযোগে সিংড়া যাওয়ার পথে গলনালিয়া বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার সহপাঠীদের পথরোধ করেন। এ সময় তারা বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে জিসান ও তার সঙ্গে থাকা ৫ থেকে ৬ জন সহপাঠী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আঘাতে জিসানের ব্যবহৃত আইফোন ১৪ প্রো ম্যাক্সও ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর জিসান ও তার বন্ধুরা চিকিৎসার জন্য স্থানীয়ভাবে চিকিৎসকের পরামর্শ নেন। পরে অভিযুক্তদের কয়েকজন পুনরায় মারধরের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে জিসান কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। তবে অভিযোগে উত্থাপিত এসব বিষয় এখনো তদন্তসাপেক্ষ।
অভিযোগকারী জানান, ঘটনার পর স্থানীয় লোকজনের পরামর্শে প্রথমে বিষয়টি মীমাংসার চেষ্টা করায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়। পরে আইনগত সহায়তা নেওয়ার উদ্দেশ্যে তিনি সিংড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগকারী মো. জিসান তার লিখিত অভিযোগটি গ্রহণ করে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী আইনগত ব্যবস্থা পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে।











